বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন নতুন ম্যাজিক সৃষ্টি করছে। তিনি বলেন, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের জনগণের প্রতিরোধকে জামায়াত-শিবিরের প্রতিরোধ বলবেন না। মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। তামাশা ও ভোল পাল্টিয়ে লাভ হবে না। পালানোর পথ খুঁজে পাবেন না। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত পেশাজীবী নেতা ডা. জেড এম জাহিদ হোসেনসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি সন্ত্রাসী দল’ বলে আওয়ামী লীগ নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগের জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে। রক্ষী বাহিনী দিয়ে ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে এই দলটি। ১১ জন লোককে বাসের মধ্যে গানপাউডার দিয়ে পুড়িয়ে মেরেছিল তারা। সুতরাং সন্ত্রাসী দল আওয়ামী লীগই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অযোগ্য অপদার্থ সরকারকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সংগঠনের সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
