কবি ফরহাদ মজহারের নেতৃত্বে নাগরিক অধিকার কমিটি

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৫৩
গতকাল জাতীয় প্রেসক্লাবের মাঠে বুদ্ধিজীবী, পেশাজীবী, লেখক ও শিল্পীদের এক মতবিনিময় সভায় নাগরিক অধিকার বিষয়ক জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস’ নামের এই কমিটির আহ্বায়ক কবি ও লেখক ফরহাদ মজহার। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েম তাদের লক্ষ্য বলে জানানো হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) ওই মতবিনিময় সভার আয়োজন করে। কমিটির মনোনীত আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, কোনো দলের দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে এখানে আসিনি। আগামী দিনে অন্য কারও নাগরিক অধিকার ভূলুণ্ঠিত হলে তাদের পক্ষে দাঁড়াব। কবি আল মাহমুদ বলেন, আমরা চাই বাংলাদেশের প্রগতিশীল মানুষ ক্রমান্বয়ে অগ্রসর হবে। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আশা করি, আমরাই বিজয়ী হব।’ বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী ওই কমিটির আহ্বায়ক হিসেবে ফরহাদ মজহারের নাম প্রস্তাব করেন। উপস্থিত সবাই সমর্থন দেন। জানানো হয়, পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সভার শুরুতে ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটসের ঘোষণাপত্র পড়েন বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ। ঘোষণাপত্রে বলা হয়, এই সমাবেশের গভীর উপলব্ধি হচ্ছে গণহত্যা ও ফ্যাসিবাদ চাপিয়ে দিয়ে বর্তমান সরকার দেশময় জিঘাংসা, অনৈক্য, সর্বোপরি গৃহযুদ্ধাবস্থা তৈরি করেছে। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, বিচারপতি টি এইচ খান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।