শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে :জামায়াত

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৫৩
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সরকারের দমন, পীড়ন, জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে বাংলাদেশের কোন মানুষ আজ নিরাপদ নয়। সরকার পরিকল্পিতভাবে গণহত্যা, গণনির্যাতন, গণগ্রেফতার, গণসন্ত্রাস ও বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে। এসব গণহত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী দায়ী। তিনি বলেন, দেশব্যাপী জামায়াত পক্ষ থেকে ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ ও আওয়ামী ক্যাডাররা হামলা চালিয়ে ঢাকা, রাজশাহী, সিলেট, কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও প্রায় ৬০ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। সরকার গোটা দেশকেই বৃহত্ কারাগারে পরিণত করেছে। সরকার রাজনৈতিক অসত্ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গণহারে গ্রেফতার চালাচ্ছে। এই গ্রেফতারের অংশ হিসেবেই ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে আটক করা হয়েছে।