শুধু ভালো কাজ বা সাফল্যেরই পুরস্কার মিলে না। এখন থেকে বলিউডে বছরের খারাপে সেরা হওয়াদেরও পুরস্কার মিলবে। জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, জি-সিনে পুরস্কারের পাশাপাশি সম্প্রতি ঘোষিত হয় গোল্ডেন কেলা (কলা) অ্যাওয়ার্ড। ২০১২-তে যারা দর্শকদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে, যাদের কাজে প্রশংসার বদলে মিলেছে শুধুই সমালোচনা, সেইসব চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে সেরা খারাপ কাজের অধিকারীদের পুরস্কার দিতে এই গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড। আর সেরা খারাপ সিক্যুয়ালের পুরস্কার জিতেছে ‘দাবাঙ টু’। সেরা খারাপ অভিনেতা ও অভিনেত্রী হিসেবে ‘সন অব সর্দার’-এর জন্য পুরস্কার পেয়েছেন অজয় দেবগন ও সোনাক্ষি সিনহা। শিরিষ কুন্দরকে চড় মারার কারণে শাহরুখ জিতেছেন সুপারহিট অফ পুরস্কার। ‘জোকার’ ছবির জন্য পরিচালক শিরিষ কুন্দর পেয়েছে ‘বেটা তুমসে নেহি হু পায়েগা’ (তোমাকে দিয়ে হবে না) পুরস্কার। শুধু ব্যর্থতা কিংবা খারাপেই নয়, সাফল্যের জন্যও দেওয়া হয়েছে অ্যান্টি-কেলা অ্যাওয়ার্ড (কলারোধক!)। ‘পান সিং তোমার’, ‘কাহানি’, ‘ভিকি ডোনর’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’ পেয়েছে এই অ্যাওয়ার্ড।
