ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র পার্লামেন্টারি বোর্ডের সদস্য পদে ছয় বছর পর আবার ফিরে এলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ফিরে আসাকে জাতীয় পর্যায়ে মোদির আরো বড় ভূমিকা, বিশেষত, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণের পথে একধাপ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। বিজেপি’র সর্বোচ্চ সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদে মোদির অন্তর্ভুক্তি ঘোষণা করে দলটির প্রেসিডেন্ট রাজনাথ সিং ২০১৪ সালের নতুন টিমের ৭৪ সদস্যের নামের তালিকা প্রকাশ করেন বলে জানিয়েছে এনডিটিভি। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ তালিকায় বিতর্কিত নেতা এবং গুজরাটের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নামও আছে; যার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। শাহসহ সাধারণ সম্পাদক পদে আছেন উত্তর প্রদেশের পিলিভিত এমপি বরুণ গান্ধী এবং ভাইস প্রেসিডেন্ট পদে রাজ্যসভা সদস্য শ্রীমতি ইরানি। বিজেপি গঠিত নতুন ১২ সদস্যের পার্লামেন্টারি বোর্ডে একমাত্র নরেন্দ্র মোদিই মুখ্যমন্ত্রীর পদে আছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে টপকে স্থান করে নিয়েছেন তিনি। সম্প্রতি রাজ্য নির্বাচনগুলোতে মোদির একের পর এক জয়ের কারণে গুজরাটের বাইরে তাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসাটা প্রত্যাশিতই ছিল। আর এখন একমাত্র মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিসাবে পার্লামেন্টারি বোর্ডে তার অন্তর্ভুক্তিতে তাকে দলীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখা যাওয়ার ধারণা করছেন দলের অনেকেই। সেসঙ্গে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দল ক্ষমতায় আসবে বলেও তাদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
ঘটনাচক্রে সিংই ৬ বছর আগে মোদিকে দল থেকে বের করে দিয়েছিলেন। আর এখন আবার তাকে ফিরিয়ে আনার পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যও করা হয়েছে। যে কমিটি ২০১৪ সালের নির্বাচনে টিকেট বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
