যুক্তরাষ্ট্রের একটি পরমাণু কেন্দ্রে রবিবার এক দুর্ঘটনায় একজন কর্মী নিহত ও আরো তিনজন আহত হয়েছে। তবে এ সময়ে কোন পারমাণবিক উপাদান নির্গত হয়নি। সরকারি কর্মকর্তা ও অপারেটররা এ কথা জানান। ওই কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, রাসেলভিলের ইন্টারজি পরমাণু কেন্দ্র-১এর টারবাইন ভবনের বাইরে জেনারেটর সরানোর সময় এর একটি অংশ পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আরাকানসাসের স্বাস্থ্য বিভাগ জোর দিয়ে জানিয়েছে, তেজস্ক্রিয় পদার্থ নেই এমন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনজীবনের জন্য এটি কোনভাবে হুমকির কারণ হবে না। ইন্টারজি জানায়, আহত কর্মীদের হাসপাতালে নেয়া হয়েছে। পরমাণু কেন্দ্রের একনম্বর ইউনিট পুনরায় জ্বালানি ভরার জন্য বন্ধ ছিল এবং দুর্ঘটনার পর দুই নম্বর ইউনিট সক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
