নাটোরের বড়াইগ্রামে পৃথক সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে চকপাড়া গ্রামে ভুটভুটির ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালক রেজাউল ও আব্দুল লতিফের মধ্যে বিতর্কের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রেজাউল (২৩), আব্দুল লতিফ (৪৫), আকলিমা (৪০), মর্জিনা (৩০) ও লিটু আলমকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, উপজেলার বাঘাইট গ্রামের মফিজউদ্দিনের স্ত্রী রাজিয়া বেগম ও একই গ্রামের আব্দুল হামিদের মধ্যে জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া মেটাতে রবিবার রাতে মফিজউদ্দিনের বাড়িতে গ্রাম্য সালিশ বসে। সালিশে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বেধে গেলে দেশীয় অস্ত্রের আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মহানন্দগাছা গ্রামের মজিবুর (৫৫) ও রমজান (৩৫) এবং বাঘাইট গ্রামের শহীদুল (৩৫), আঃ হামিদ (৭৪), আবু কালাম (৩০), আঃ খালেক (৪৫), নাহিদ (৩৪), হাফিজ (৪৫) ও জালালকে (১৮) রাতেই বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
