রূপগঞ্জে ইউপি সদস্যের মুক্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউপির সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মোশারফ ভুঁইয়ার মুক্তির দাবিতে গতকাল সোমবার এলাকার কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে। উক্ত ইউপি সদস্যকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেয়া হয়। এ সময় মোশারফ ভুঁইয়ার প্রতিষ্ঠিত হাজী ইয়াদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ হোসেন, আজিজুল্লাহ সাউদ, মালেক মিয়া, মোকতার হোসেন, সিরাজুল ইসলাম, শীতল চন্দ্র রায়, জয় গোবিন্দ, আশাপূর্ণ, সন্তোষ বাবু, পরিতোষ, রিপন সরকার, আঃ মালেক, মনোরঞ্জন প্রমুখ। এলাকাবাসী জানান, নাওড়া গ্রামের নুরু মিয়ার ছেলে আজিবুর রহমান ও মোকতার হোসেনের দায়েরকৃত মামলায় মোশারফ ভুঁইয়া জামিন পেলে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করে এলাকাবাসী। জেলহাজতে থাকার পরও মোশারফ ভুঁইয়ার বিরুদ্ধে আরো ২টি মামলা দেয়া হয়। জোরপূর্বক জমি দখল, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আজিবুর রহমান ও আজিজুল হক তার বিরুদ্ধে গত ১১ মার্চ রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। গত ১৯ মার্চ ওই মামলার জামিন চাইতে গেলে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।