নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের স্বত্ব দখলীয় দেবোত্তর সম্পত্তি একটি বিশেষ মহল ইজারা নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ ও এতদসংক্রান্ত লিখিত বিবরণী থেকে জানা যায়, শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরটি ১৯৩৭ সাল থেকে এর কার্যক্রম চলে আসছে। এ মন্দিরের নামে দেবোত্তরনামা দলিল করা দশ একর তেইশ শতক ভূমি অর্পিত সম্পত্তির গেজেটে বিগত ৮ এপ্রিল ২০১২ তালিকাভুক্ত হলে মন্দিরের সেবায়েত বাবু সুদীপ কুমার দত্ত মজুমদার বাদী হয়ে বিগত ১১ জুলাই ২০১২ জেলাজজ ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল আদালত নেত্রকোনায় মামলা দায়ের করে। যা এখনও বিচারাধীন। বর্তমানে এলাকার প্রভাবশালী বলে খ্যাত মশিউর রহমান, নবী হোসেন এ সম্পত্তি ইজারা নেয়ার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছেন। মন্দিরের সেবায়েত সুদীপ কুমার দত্ত মজুমদার বলেন,‘অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের মন্দিরের এ ভূমি অর্পিত তালিকাভুক্ত হওয়ায় এখন একটি প্রভাবশালী মহল নানাভাবে প্রভাব খাটিয়ে দখল করার পাঁয়তারায় লিপ্ত। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ আহম্মেদ বলেন,‘বর্তমানে এ ভূমির মালিক সরকার। যেহেতু দু’টি পক্ষ হয়ে গেছে সেজন্য কাউকে অনুমতি দেয়া যাচ্ছে না। এ বিষয়ে সামগ্রিক মতামত চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে।
