ঝিনাইদহে হরতালে নিহত তিন শ্রমিক পরিবারের অনিশ্চিত ভবিষ্যত্

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৪
হরতালে নিহত ঝিনাইদহের ৩ শ্রমিক পরিবারে এখন শোকের মাতম চলছে। হত দরিদ্র এ পরিবার ৩টির ভবিষ্যত্ এখন অনিশ্চিত। নিহতরা হচ্ছে, ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের দলিল উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (২৫ ), ভুটিয়ারগাতি গ্রামের নায়েব অলির ছেলে আব্দুল জলিল ( ৩০ ) ও ধানহারিয়া চুয়াডাঙ্গা গ্রামের কোরবান অলির ছেলে মসলেম উদ্দিন ( ৩২ ) । পরিবারগুলো সূত্রে জানা যায়, তারা পাথর শ্রমিক। গাড়িতে পাথর লোড করা তাদের পেশা ছিল। বৃহস্পতিবার ভোর রাতে সিমেন্ট বোঝায় একটি ট্রাকের উপর বসে খুলনা থেকে ঝিনাইদহে ফিরছিল। যশোরের পদ্মবিলা এলাকায় পৌঁছুলে হরতালে পিকেটিংকারি জামায়াত শিবিরের সামনে পড়ে ট্রাকটি। তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া করে ট্রাকটিকে। চালক দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্রাকটি উল্টে যায়। উপরে বসা তিন শ্রমিক চাপা পড়ে মারা যায়। নিহত উজ্জল হোসেনের এক ছেলে ও স্ত্রী রয়েছে। উজ্জল হোসেন ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ পরিবারটি এখন ভবিষ্যত্ চিন্তা করে দিশেহার হয়ে পড়েছে। আব্দুল জলিলের ভিটেমাটি বলতে কিছু নেই। সরকারি খাস জমিতে ঝুপড়ি ঘর তুলে বাস করত। তার স্ত্রী ও একটি শিশু পুত্র আছে। এখন রোজগারের কেউ থাকল না। নিহত মসলেম উদ্দিনের ১ ছেলে, ১ মেয়ে আছে। সেও পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। এ পরিবারটিরও ভবিষ্যত্ অন্ধকার।