নোয়াখালীতে দুই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৭
নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে দুই আওয়ামী লীগ কর্মীকে বি এন পি ক্যাডাররা ধারালো অস্ত্র ও রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। জানা যায়, সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলাধীন আলাইয়ার গ্রামের মৃত আবদুল ওহাবের পুত্র আওয়ামী লীগ সমর্থিত জামাল উদ্দিন বাড়ির পাশের দুলালের দোকানে চা পান করতে গেলে স্থানীয় বি এন পি ক্যাডার আলাউদ্দিন,তাজু, মধু ও আসর আলী এসে তাকে ডেকে নিয়ে যায়, এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। জামাল মারা গেছে ভেবে ক্যাডাররা তাকে ফেলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন জামালকে উদ্ধার করে বেগমগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অপর দিকে রবিবার বিকালে সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের রতন মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী ফাহাদকে স্থানীয় বি এন পি ক্যাডার ইমরান ও তার সহযোগী সবুজ ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আবস্থায় ফাহাদকে স্থানীয়ভাবে চিকিত্সা করানো হচ্ছে।