তেঁতুলিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখি

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:১৯
তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ সম্মেলন করে নতুন কমিটি করার অপরাধে দুই নেতাকে অফিসে আটকিয়ে বেধড়ক মারপিট করেছে অপর পক্ষ। আহত ওই দুই নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কে্ন্দ্রে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয় গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার মহিলা সংসদ সদস্য ফরিদা আখতার হীরা সমর্থক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাদেকুল ইসলাম চৌরাস্তা নামকস্থানে দলীয় লোকজনের সাথে কথা বলছিলেন। এ সময় মজাহারুল হক প্রধান সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু গ্রুপের কয়েকজন তাদের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে দরজা আটকিয়ে তাদের বেধড়ক মারপিট করা হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া ও পরে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার রায় জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।