জয় দিয়েই মৌসুম শুরু করলেন বোল্ট

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩১
ছয়বারের অলিম্পিক স্বর্ণজয়ী উসাইন বোল্ট গত রবিবার কোপাকাবানা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত ১৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রত্যাশিত জয় পেয়েছেন। তবে মাত্র ১৪.৪২ সেকেন্ডে দৌড় শেষ করলেও নিজেরই গড়া বিশ্ব রেকর্ডটি নতুন করে লেখার জন্য এটি যথেষ্ট ছিল না। ম্যানচেস্টারের রাস্তায় ২০০৯ সালে মাত্র ১৪.৩৫ সেকেন্ডে ১৫০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। তবে রেকর্ড গড়তে না পারা নয় বরং জয় দিয়ে মৌসুম শুরু করতে পারাকেই বড় করে দেখছেন এই জ্যামাইকান। তিনি বলেন,‘এটা ছিল আমার প্রথম(মৌসুমের) স্প্রিন্ট দৌড়। মৌসুমের শুরু করার জন্য এটা দারুণ একটা ফল। আমি এখানে অনুষ্ঠেয় ২০১৬ অলিম্পিকের দিকে তাকিয়ে আছি।’ কোপাকাবানার বালুময় সৈকতের উপরে স্থাপিত চার লেনের ট্র্যাকে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন ‘লোকাল বয়’ ব্রুনো লিনস। ইকুয়েডরের অ্যালেক্স কুইনোনেস তৃতীয় এবং বারমুডার ড্যানিয়েল বেইলি হন চতুর্থ।