মদনপুর পল্লী বিদ্যুত্ অফিসে ৪ হাজার আবেদন ফাইলবন্দি

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩২
গ্রাহক হয়রানি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের মদনপুর পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম ও দুই এজিএম-এর বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্তরা এখানে যোগদানের পর স্থবির হয়ে পড়েছে অত্র অফিসের কর্মচঞ্চলতা। এই জোনাল অফিসে ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্যিক, শিল্প, বৃহত্ শিল্প ও আবাসিক সংযোগের প্রায় ৪ হাজার আবেদন ফাইলবন্দি রয়েছে। তা বছরের পর বছর বিদ্যুত্ না পেয়ে হয়রানির শিকার। বিদ্যুত্ সংযোগের জন্য গ্রাহকরা অফিসে যোগাযোগ করতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করছেন কর্মকর্তারা। দফায় দফায় তদবিরের পর কিছু সংযোগ দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে দেয়া হচ্ছে বলে অভিযোগ। অত্র অফিসে কিছু দালাল নিয়োজিত রয়েছে। দালালদের মাধ্যমে চলছে ঘুষ বাণিজ্য। এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দালালদের সুপারিশ ছাড়া অফিসে কোন ফাইল নড়ে না বলে অভিযোগ। দালালদের সাথে কথা বলতে নির্দেশ দেয়া হয় গ্রাহকদের। দালালরা গ্রাহকদের সাথে চুক্তি করে। অনেক হয়রানির পর ‘সন্তোষজনক চুক্তি’ হলেই গ্রাহকের ভাগ্যে জোটে বৈদ্যুতিক সংযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক গ্রাহক জানান, সরকারিভাবে সংযোগ বন্ধের অজুহাত দেখিয়ে দালালদের মাধ্যমে উেকাচ প্রদানে গ্রাহকদের উত্সাহিত করা হচ্ছে। অতিষ্ঠ হয়ে এবং বিদ্যুত্ সংযোগ না পেয়ে বিনিয়োগকারীরা কাঁচপুর বিসিক শিল্পনগরী ও অন্যান্য স্থানে বিনিয়োগ মুখ ফিরিয়ে নিচ্ছে। নতুন বিনিয়োগকারী এগিয়ে আসছেন না।