রাইজারে গ্যাস সংযোগ দিন

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২১:৩৫
আমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ঘোড়াশালের বাসিন্দা। ২০০৬ সালে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের দেয়া ডিমান্ড নোটের টাকা গ্যাস সংস্থার নির্দেশ অনুযায়ী ১২-১১-২০০৬ তারিখে সোনালী ব্যাংক মুরাদনগর শাখায় জমা দিয়েছিলাম। টাকা জমা হওয়ার পর পরই গ্যাস কোম্পানি কর্তৃক নিয়োজিত ঠিকাদার গ্যাস সঞ্চালনকারী পাইপগুলো আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং করে প্রত্যেক গ্যাস হোল্ডারের বরাবরে একটি করে রাইজার সংস্থাপন করে হাওয়া পরীক্ষা করে শতাধিক রাইজারে গ্যাস সংযোগ দেন। কিন্তু দুঃখের বিষয় মাত্র ২৫/৩০টি রাইজারে গ্যাস সংযোগ দেয়া হয়নি। এ ব্যাপারে ঠিকাদার সাহেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওপরের নির্দেশেই আপাতত বন্ধ রাখা হলো। পরে নির্দেশ পেলেই আবার সংযোগ দেয়া হবে। কিন্তু বড়ই আক্ষেপের বিষয়, আজ প্রায় ৬/৭ বছর পরেও নির্দেশ এলো না। এ অবস্থায়, অনুগ্রহ করে অন্তত আমাদের বাদ পড়া স্বল্প কয়টি রাইজারে গ্যাস সংযোগদানের জন্যে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি। মো. ফিরোজ আলম মোল্লা, ঘোড়াশাল, মুরাদনগর, কুমিল্লা