এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার ৩৩, অনুপস্থিত ৯২৯৭

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩২
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে গতকাল সোমবার ৯ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কার হয়েছে ৩৩ জন। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা গতকাল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী পরীক্ষা আগামীকাল বুধবার বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র। পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, হরতালসহ ধ্বংসাত্মক কর্মসূচি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে, মানসিক বিপর্যয় সৃষ্টি করছে, এতে অনেকেরই পরীক্ষা খারাপ হতে পারে। অতীতে কোনো রাজনৈতিক দল ঘোষণা দিয়ে পরীক্ষার সময় হরতাল দেয়নি। এবারই প্রথম এমন ঘোষণা শোনা যাচ্ছে। দশ লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যত্, তাদের উন্নত জীবন হরতালের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার ৬২৩, কুমিল্লা বোর্ডে ৮৪১, যশোরে ৮৪৬, রাজশাহীতে এক হাজার ১১৬, চট্টগ্রামে ৬৯৭, সিলেটে ৩৭৩, বরিশালে ৩১৪, দিনাজপুরে ৬৬৩ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক হাজার ৫০৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক হাজার ৩২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে দুই জন, সিলেট শিক্ষা বোর্ডে একজন, দিনাজপুর শিক্ষা বোর্ডে একজন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে নয় জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন রয়েছে। চলতি বছর দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি কারিগরি ও একটি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী। গত বছর এ সংখ্যা ছিল ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন। ২৮ মে পরীক্ষা শেষ হবার কথা। পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।