সাগরে ভাসছে ২০ জেলের লাশ!

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গভীর সাগর থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সাগরে আরো কমপক্ষে ২০ জেলের লাশ ভাসছে বলে জানিয়েছেন জেলেরা। তবে বাঁশখালী থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড লাশ উদ্ধারের ঘটনার ব্যাপারে কোন তথ্য জানাতে পারেনি। কোস্টগার্ডের কর্মকর্তা লেঃ ইউসুফ, সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) রুহুল আমিন ছিদ্দিকী ও বাঁশখালী থানার ওসি কামরুল হাছান জানান, পুলিশ অনুসন্ধান শুরু করেছে। স্থানীয়রা জানান, গত ২৭ মার্চ বাঁশখালীর ৩৩ জেলে নিয়ে ৩টি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরতে যায়। ট্রলারগুলো ডাকাত ও জলদস্যুদের কবলে পড়ে। ডাকাতরা নির্বিচারে গুলি করে মাঝি-মাল্লাদের হত্যা করে সাগরে লাশ ভাসিয়ে দেয়। বাঁশখালীর মাঝি নূর হোসেন (৪০) ও জেলে মোহাম্মদ কামাল (৩০) গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যান। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করে। আহত দুই জেলের ধারণা, এই জেলেদের লাশ এখন সাগরে ভাসছে। অপরদিকে যে ৩ লাশ উদ্ধার হয়েছে তার মধ্যে শেখেরখীলের ছগির আহমদ পিতা-এজহার মিয়া ছাড়া অন্য দু’জনের নাম- পরিচয় পাওয়া যায়নি। বাঁশখালীর পুঁইছড়ি এলাকার ট্রলার মালিক রেজাউল করিম চৌধুরীর ম্যানেজার আলী আকবর জানান, সোমবার সন্ধ্যায় সাগর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ২০ জনের লাশ সাগরে ভাসছে। তিনি জানান, ২৯ জন মাঝি-মাল্লার কোন হদিস পাওয়া যাচ্ছে না। ডাকাতরা তাদের সকলকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।