নয়া পল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শেষ হওয়ার পরপর সমাবেশস্থলের উল্টোদিকে গাজী টাওয়ারের পাশে একটি প্রাইভেট কার ও মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়া হয়। এর কিছু সময় পর তার পাশে দাঁড়ানো এটিএন নিউজের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দাঁড়ানো শিক্ষার্থীদের বহন করা বিআরটিসি’র একটি দোতালা বাসেও আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনার পর ১৮ দলের আজকের হরতাল সমর্থনে ঢাকাসহ সারাদেশে হরতাল সমর্থনকারীরা গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। ঢাকায় বিভিন্নস্থানে ৭টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থনকারীরা।
রবিবার রাতে গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এক সমাবেশের ডাক দেয়। এই সমাবেশ শেষ হওয়ার পরপরই এই অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার নাজমুল আহসান বলেন, বিএনপি’র সমাবেশের পরপর গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরাই এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শেষ করেন। তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ের পশ্চিম দিকে গাজী টাওয়ারের কাছে দাঁড়ানো একটি সাদা মাইক্রোবাসে ও প্রাইভেট কারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের একটি গাড়িও রয়েছে। চালক সোলায়মান জানান, তিন যুবক হঠাত্ এসে গাড়ির জানালা দিয়ে বোতল থেকে তরল কিছু পদার্থ ছুঁড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায়। তিনি কোন রকমে গাড়ি থেকে বেরিয়ে আসেন। এসময় পাশে দাঁড়ানো অন্য গণমাধ্যমের গাড়িগুলো নিরাপদ স্থানে যাওয়ার জন্য তড়িঘড়ি করতে থাকে। পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে সমাবেশে আগতরা দ্বিগবিদ্বিক ছোটাছুটি করতে থাকে। বিএনপি’র শীর্ষ নেতারা দলীয় কার্যালয়ে ঢুকে কলাপশিবল গেট বন্ধ করে দেয়। ঘটনার পর ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফকিরাপুল এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
পল্টন থানার ওসি গোলাম সারওয়ার বলেন, পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। এর আগেই তারা তিনটি গাড়িতে আগুন দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতালা বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। ক্যাম্পাসে পাঁচটি ককটেল বিস্ফোরিত এবং ১১টি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিএনপি এবং শিবিরের ডাকা হরতালের আগের দিন গতকাল সোমবার দুপুর ও বিকালে এ অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীদের ছদ্মবেশে এসে দুর্বৃত্তরা ‘তরঙ্গ’ বাসে আগুন দেয়। আগুনে দোতালা বাসের প্রায় সবগুলো আসন পুড়ে গেছে। পরে দমকলবাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বিআরটিসির বাসটি শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার জন্য ভাড়া করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকাল পৌনে পাঁচটার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রায় একই সময় শামসুন্নাহার হলের সামনে একটি এবং সন্ধ্যা ছয়টার দিকে কলা ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এছাড়া দুপুরে কার্জন হল এলাকা থেকে পাঁচটি, বিকালে শামসুন্নাহার হলের সামনে থেকে তিনটি ও সন্ধ্যা ছয়টার দিকে কলাভবন এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে, বিকাল সাড়ে ৩টার দিকে কাওরানবাজারে বিজিএমইএ ভবনের সামনে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী পরিবহনকারী একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। এর কিছু সময় পর তেজগাঁও শিল্পাঞ্চলে রেজিস্ট্রি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা ৭টার দিকে রামপুরা টেলিভিশন ভবনের সামনে এক যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। কাওরানবাজারে রাত ৮টার দিকে একটি ট্যাক্সি ক্যাবে যাত্রীবেশী হরতাল সমর্থনকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। একই সময়ে মোহাম্মদপুরের বাঁশবাড়ী সড়কে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
খুলনা অফিস জানায় সোমবার সকাল ৮টার দিকে খুলনা মহানগর ছাত্রশিবির নগরীর খানজাহান আলী সড়কে টুটপাড়া কবরস্থানের সামনে মিছিল করে। পুলিশ মিছিলটিতে লাঠিচার্জ করতে এগিয়ে আসলে শিবির কর্মীরা পর পর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি বাস ও আটটি ইজিবাইক ভাঙচুর ও একটি ইজিবাইকে আগুন দেয়। একই সময়ে খুলনা সদর থানা পুলিশ নগরীর শান্তিধাম মোড়স্থ আসমা ভিলা থেকে মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মতিনকে গ্রেফতার করে। পুলিশ দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে অভিযান চালিয়ে ৫২ জন ছাত্রকে আটক করে। সোমবার দুপুর পর্যন্ত পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ৭২ নেতাকর্মীকে আটক করে।
রংপুর প্রতিনিধি জানান, রবিবার রাতে রংপুর নগরীর ধর্মদাস এলাকায় শিবির ক্যাডাররা লাঠি মিছিল নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। পরে শিবির ক্যাডাররা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিলে প্রাণ ভয়ে বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হয়। শিবির ক্যাডাররা মিঠাপুকুর উপজেলা সদরসহ আশপাশের এলাকায় পর পর ৮/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
বরিশাল অফিস জানায়, হরতালের সমর্থনে বিকাল সাড়ে ৫টায় মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হল থেকে একটি মিছিল নগর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পূর্বক্ষণে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশ ২৪ রাউন্ড শটগানের গুলি, ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করার কথা স্বীকার করেছে। সংঘাতের ব্যাপারে বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, মিছিলটি নগর প্রদক্ষিণ শেষে পার্টি অফিসের কাছাকাছি এসে যানবাহন ও দোকান-পাট ভাংচুর শুরু করে। মিছিলকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতা এডভোকেট আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক, হানিফ, রেজাউল, কবিরাজ হেলাল ফরাজী, জুনায়েদ আল মামুন ছাড়াও অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সিলেট অফিস জানায়, সিলেট নগরীর আম্বরখানায় গতকাল বিকালে মিছিল করেছে শিবির। সিলেট মহানগর শিবিরের সেক্রেটারী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলটি আম্বরখানা সোনালী ব্যাংকের সামন থেকে শুরু হয়। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, সিলেট জেলা বিএনপি গতকাল সোমবার নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম।
বগুড়া প্রতিনিধি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের ঝাউতলা ও মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে পৃথক দুটি মিছিল বের করে শিবির কর্মীরা। এসময় মোহাম্মদ আলী হাসপাতালের সামনের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কমপক্ষে ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
ফেনী প্রতিনিধি জানান, শহরের পাঁচগাছিয়া সড়কে জামায়াত-শিবিরকর্মী ঝটিকা মিছিল বের করে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। পরশুরাম সংবাদদাতা জানান, সোমবার সোয়া ১১টার দিকে ২৫-৩০ জনের একদল শিবির কর্মী এসএসকে সড়কের পাঠানবাড়ি এলাকায় ঝটিকা মিছিল করে। এ সময় তারা একটি প্রাইভেট কারসহ ৪-৫টি যানবাহনের কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে। পুলিশ ১৩ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে ট্রাকে অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
বান্দরবান প্রতিনিধি জানান, সোমবার সকালে বান্দরবানে স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। এসময় পুলিশ বাধা দেয়ায় চৌধুরী মার্কেট ও প্রু আবাসিক এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ ীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবর রশীদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিটল বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিন রিপন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু প্রমুখ।
নোয়াখালী প্রতিনিধি জানান, মাইজদীতে গতকাল সোমবার সন্ধ্যার আগে জামায়াত-শিবির নেতা-কর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করার চেষ্টাকালে পৌর বাজার থেকে ৮জন জামায়াত-শিবির কর্মীকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-খুলনা সড়কের বকুলতলা নামকস্থানে বিআরটিসির গাড়ি ভাংচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মওলানা রেজাউল করিম, সেক্রেটারী শেখ আব্দুল ওয়াদুদ, পৌর আমির শেখ মোহম্মদ ইউনুস, সেক্রেটারি শহীদুল ইসলামসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে পুলিশ বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছে। গত রবিবার রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীপুর নামকস্থানে যাত্রীবাহী দুইটি বাসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভাংচুর করে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার আগরদাড়ী এলাকায় পুলিশ-বিজিবি গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে। একই সময়ে হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা শহরের বিভিন্ন স্থানে ৪টি গাড়ি ভাংচুর করেছে।
