তরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, হেফাজতের আন্দোলন অরাজনৈতিক হলেও এর পুরো ফল ভোগ করবে ১৮ দলীয় জোট। ফলে আগামী ৬ এপ্রিলের লংমার্চকে কেন্দ্র গতকাল সোমবার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্য পড়েন ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। লিখিত বক্তব্যে বলা হয়, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠালগ্ন থেকে অরাজনৈতিক দাবি-দাওয়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। রাজনৈতিক সূত্রের তথ্যমতে ৬ এপ্রিলের লংমার্চকে কেন্দ করে জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সহিংসতা ঘটানোর অপচেষ্টা করবে। জামায়াত-শিবির জোট রাজনৈতিকভাবে লংমার্চকে ব্যবহারের মাধ্যমে মানুষ হত্যা করবে।
এক প্রশ্নের জবাবে দলের চেয়ারম্যান বলেন, হেফাজতে ইসলামের কিছু দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু অবস্থাদৃষ্টে এ কথা বলতেই হচ্ছে, হেফাজতের অরাজনৈতিক আন্দোলন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে। জামায়াত-শিবিরের সঙ্গে কোনও ধরনের সম্পর্কের কথা হেফাজতের পক্ষ থেকে একাধিকবার অস্বীকার করলেও এ গোষ্ঠী তাদের অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শাহ মিরান আলকাদরী, যুগ্ম মহাসচিব ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, সাংগঠনিক সম্পাদক আজহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, মো. সেলিম মিয়াজী, মোহাম্মদ জাহাঙ্গীর হাছান, মো. মজিবুর রহমান মানিক প্রমুখ।
