আইনজীবীদের একাংশের কালো পতাকা মিছিল

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২২:৩৫
জ্যেষ্ঠতা লংঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগের প্রতিবাদে গতকাল সোমবার আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেছে আইনজীবীদের একাংশ। মিছিলকারীরা আপিল বিভাগের প্রধান এজলাসের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আইনজীবীদের বিক্ষোভের মুখে দরজা বন্ধ করে দিয়ে চলে আপিল বিভাগের বিচার কাজ। গতকাল সকাল সোয়া ১০টায় সরকার বিরোধী আইনজীবীরা কালো পতাকা হাতে নিয়ে প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নেন। পরে শতাধিক আইনজীবীর একটি মিছিল কালো পতাকা হাতে নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে। মিছিলটি যখন আপিল বিভাগের এজলাসের সামনে পৌঁছায় তখন ভেতরে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি চলছিল। দরজা বন্ধ কক্ষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। মিছিলকারীরা এজলাসের বাইরে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা শ্লোগান দিতে দিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অতিক্রম করে সমিতি ভবনে ফিরে যান। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট এম তাজুল ইসলাম, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ।