বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ-নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। একইসাথে দেশে ধ্বংসাত্মক ও অপরিণামদর্শী রাজনীতির অবসান প্রত্যাশা করেন তারা। সোমবার বিশ্ববিদ্যালয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
সাদা দলের আহবায়ক অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এমনিতেই আমাদের প্রিয় বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটে নিপতিত হয়েছে। সরকারের অগণতান্ত্রিক আচরণ ও বিরোধী মতকে দমনের নামে আগ্রাসী নির্যাতন-নিপীড়নে দেশে সহিংস রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দলের অফিসে তল্লাশি, ভাংচুর এবং বহু সংখ্যক কেন্দ্রীয় নেতাসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার ও রিমাণ্ডের নামে নির্যাতনের ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজমান, সেই সময় বিরোধী দলীয় নেত্রীর কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনা পরিস্থিতিকে আরো অবনতিশীল করবে বলে আমাদের আশঙ্কা।
