বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তদানীন্তন জেলা ও দায়রা জজ মরহুম সৈয়দ তাসাদ্দুক হোসেন ও মরহুমা বেগম আসমা হোসেনের জ্যেষ্ঠপুত্র। বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ১৯৫৪ সালে তত্কালীন পাকিস্তান হাইকোর্টে আইনজীবী হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারকার্যে অংশ নেন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।
বিচারপতি হিসাবে আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র প্রভৃতি ভাবাদর্শ প্রচার ও রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যার পর পরই সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে তিনি এ ঘটনায় সাহসী ও সোচ্চার ভূমিকা নেন। ১৯৮৪ সালের ৮ জানুয়ারি এক সামরিক আদেশবলে তাকে সুপ্রিম কোর্টের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়। মরহুম বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ১৯৯৮ সালে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদান করা হয়।
