ক্যাম্পাস তারকা

সুস্থ ধারার গান করতে চাই

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ১৮:৪৪
ক্যাম্পাসের প্রিয় মুখ নাদিম। অধিকাংশ শিক্ষার্থীর মুঠোফোনে বেজে উঠে নাদিমের গান। ক্যাম্পাসের আড্ডায় নাদিমের গান ছাড়া যেনো জমেই না। আমাদের এবারের ক্যাম্পাস তারকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খান নাদিম। কথা হলো নাদিমের সঙ্গে। চট্টগ্রামে গান করছেন প্রায় ৭ বছর হলো। প্রথমদিকে অনেক ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। ২০১১ সালে যাত্রা শুরু নিজের গড়া ব্যান্ড ‘অদেখা’ দিয়ে। বর্তমানে ‘অদেখা’ নিয়েই বিভিন্ন স্টেজ শো করছেন নাদিম। ‘তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়ায় আমারে তুই পাবি’— নির্মলেন্দু গুণের ‘যাত্রা ভঙ্গ’ কবিতা থেকে কিছু লাইন নিয়ে করা এই গানটি ইতিমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। রেডিও টু-ডেতে তিনটি গান প্লে হচ্ছে প্রতিনিয়ত। হাত বাড়িয়ে, তোর জন্য, তোমার শহরে। প্রথম অ্যালবামের কাজ শেষ। বের হবে এ বছরই। ঈদ সামনে রেখে বাজারে ছাড়ার ইচ্ছে আছে নাদিমের। গান পাগল নাদিম নিজেকে নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আমার বেড়ে উঠা গানের সঙ্গে। ছোটবেলায় বন্ধুদের আড্ডায় গান করতাম। তারা উত্সাহ দিতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পূর্ণতা পেতে থাকে গানের ক্যারিয়ারে।’ একটু আবেগ জড়িত কণ্ঠে নাদিম বলেন, ‘পুরোদমে হয়ে উঠেছি গানের মানুষ। অসংখ্য ছোট ভাই ছোট আপুরা উত্সাহ দিয়েছে আমাকে। আমি চাই শিল্পী হয়ে বেঁচে থাকতে। সুস্থ ধারার গান করতে চাই। আমার গানে কম্পোজ, টিউন সবই নিজে করি।’ প্রায় সাত বছর ধরেই গানের জগতে নিয়মিত বিচরণ এই শিল্পীর। নাসিমূল আহসানের লেখা ‘তোর জন্য একটা ছেলে আজও ভীষণ একা’ সহ আরো কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে দর্শক-শ্রোতাদের মাঝে। তবে শুধু গান নয়, পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন সদ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাদিম পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তরুণ প্রজন্মের পছন্দের এই শিল্পী।