জান্নাতুল ফেরদৌস রোজী। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগে নতুন শিক্ষিকা হিসেবে যোগদান করেছেন। জান্নাতুল ফেরদৌস রোজী বাকৃবির ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। অনার্সে তার ফলাফল ছিল জিপিএ-৪ স্কেলের মধ্যে ৩.৯০৫ যা তাদের ব্যাচের মধ্যে ছিল দ্বিতীয়। আর মাস্টার্সে ফল ৩.৯৫ (২য়)। ছোট থেকে রোজীর ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। অবশেষে রোজী ভর্তি হওয়ার সুযোগ পান বাকৃবির মাত্স্যবিজ্ঞান অনুষদে। বিশ্ববিদ্যালয়ে থাকতেন সুলতানা রাজিয়া হলে। তবে বিশ্ববিদ্যালয় জীবন শুরুর পর আর থেমে থাকেননি তিনি। শুরু হয় নতুন মিশন। ভাল ফলাফল করে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। এরপর সেই স্বপ্ন সফল হয়ে একদিন ধরা দেয় নিজের হাতে। তবে তার এ পথ মসৃণ ছিল না। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সে এসেছে এতদূর। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগে শিক্ষিকা হিসেবে কর্মময় জীবন শুরু করেন। শিক্ষকতায় যোগ দেয়ায় রোজীর পিতা-মাতা খুশি। শিক্ষকতার পাশাপাশি তার ইচ্ছা গবেষণার কাজ সমানতালে এগিয়ে নেয়া। মেয়ে হয়ে পিছিয়ে থাকতে নারাজ তিনি। রোজীর প্রিয় শখ বই পড়া। আত্নীয়-স্বজন ও ক্যাম্পাসের সকলের সহযোগিতার মাধ্যমে তিনি এগিয়ে যেতে চান বহুদূর। তার গ্রামের বাড়ি বগুড়া হলেও বাবা-মা এর চাকরিসূত্রে ছোটবেলা কেটেছে সৈয়দপুরে। তার পিতা সরকারি চাকুরিজীবি আর মাতা স্কুল শিক্ষক। ভাল ফলাফল করা খুব কঠিন কিনা এ প্রশ্নে তিনি বলেন, নিয়মিত পড়ালেখা, স্যারদের নোট অনুসরণ, লাইব্রেরী ও ইন্টারনেটের মাধমে প্রচুর জ্ঞান অর্জন করা যায়।
