বান্দরবান প্রতিনিধি
সেনাবাহিনীর উদ্যোগে হেলিকপ্টারযোগে বান্দরবানে ক্যাওক্রাডং পাহাড়ের চূড়ায় বিনামূল্যে চক্ষু শিবির এবং চিকিত্সা সেবা দেয়া হয়েছে।
গত সোমবার জেলার রুমা উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় চূড়া ক্যাওক্রাডং পাহাড়ে চিকিত্সা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম বিভাগের জিওসি মেজর জেনারেল সাব্বির আহম্মেদ। এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, চট্টগ্রাম সেনা রিজিয়নের জিএসও-১ লে: কর্নেল ইমতিয়াজ, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, চট্টগ্রাম সেনাবাহিনীর মেডিক্যাল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ লেঃ কর্নেল কামরুল, বান্দরবান জেলা সিভিল সার্জন মংতেঝ, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জামান, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং, বান্দরবান সেনা রিজিয়নের জিএসটু আই মেজর মুজিব, চিকিত্সক মেজর শারমিনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশেষজ্ঞ চিকিত্সকরা উপস্থিত ছিলেন। ক্যাওক্রাডং পাহাড় চূড়ায় অস্থায়ী চিকিত্সা ক্যাম্পে ক্যাওক্রাডং পাহাড়ের পার্শ্ববর্তী পার্সিংপাড়া, দার্জিলিংপাড়ায় বসবাসরত ম্রো বম এবং ত্রিপুরা সম্প্রদায়ের ২৫০ জন স্থানীয় পাহাড়ীকে বিনামূল্যে চক্ষু এবং অন্যান্য রোগের চিকিত্সা দেয়া হয়েছে।
