চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে এ বছরের প্রথম একনাগাড়ে ৩০মিনিট স্থায়ী প্রচণ্ড শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। চৈত্রের দাবদাহে হঠাত্ বৃষ্টিতে জনমনে কিছুটা স্বস্তি হলেও প্রচণ্ড শিলার কারণে বহু স্থানে আম, তরমুজ, শসা, করোল্লা, কইডা, বরবটি, ধুন্দুল, আধাপাকা বোরো ধান, গম ইত্যাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বহুস্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে। আবার কোথাও পুরনো টিনের চালা শিলার কারণে ছিদ্র হয়ে গেছে।
গত সোমবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩ দফায় এ শীলা বৃষ্টি হয়েছে। চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ৩৫ মিনিটে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বাতাসের গতি ছিলো ৪৫ কিলোমিটার। চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর, শাহমাহমুদপুর, সেনগাঁও, কেতুয়া, আলীমুরা, কুমারডুগি ইত্যাদি এলাকায় ২৫০ হেক্টর জমির করোল্লা, কইডা, বরবটি, ধুন্দুল ইত্যাদি ফসল নষ্ট হয়েছে বলে ওই এলাকার কৃষকরা জানিয়েছে। এদিকে ফরিদগঞ্জ, হাইমচর উপজেলায়ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। অনেক কৃষক বলেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ফসল করেছিলো।
