মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি মাদ্রাসায় আগুন লেগে ১৩ শিশু নিহত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতের কোনো এক সময় পূর্ব ইয়াঙ্গুনের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশের মুখপাত্র থেট লউয়িনের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, মাদ্রাসাটি একটি মসজিদের অংশ। দোতলা এই ভবনটিতে প্রায় ৭৫ জন এতিম শিশু থাকত। নিহতদের মধ্যে মোট কতজন শিশু রয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে অধিকাংশ শিশুই রক্ষা পেয়েছে বলে জানিয়েছে তারা। পুলিশ এসে বাইরে থেকে দরজা ভেঙে ফেললে বেশিরভাগ শিশু দৌড়ে রক্ষা পায় বলে জানান লউয়িন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ভবনটি পুড়ে গেলেও ভেঙে পড়েনি বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
মিয়ানমারে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সামপ্রদায়িক সহিংসতা চলাকালে এ আগুনের ঘটনা ঘটলো। তবে এই ঘটনা কোনো নাশকতা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দাপ্তরিক ফেইসবুক পেইজে মিয়ানমার পুলিশ জানিয়েছে, ১৩ শিশু আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে। এতে বলা হয়,“উচ্চ বিদ্যুত্ প্রবাহই আগুনের কারণ বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।” ২০ মার্চ থেকে শুরু হওয়া বৌদ্ধ-মুসলিম সামপ্রদায়িক সহিংসতায় মিয়ানমার জুড়ে এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছে।
