অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণে জাতিসংঘে ভোটাভুটি

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২০:০২
সাত হাজার কোটি ডলারের অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রথম চুক্তির জন্য গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা। ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়ার বিরোধিতার মুখে সাধারণ পরিষদ কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারার এক সপ্তাহের মধ্যে এই ভোটাভুটি হচ্ছে। চুক্তির সমর্থকরা বলছেন, সন্ত্রাসী এবং সংগঠিত অপরাধীদের হাত থেকে অস্ত্র দূরে রাখার জন্য এই চুক্তিটি প্রয়োজন। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোটে এবার চুক্তিটি পাস হবে বলে আশা করা হচ্ছে। এর আগে চুক্তিটির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে জাতিসংঘের সকল সদস্য দেশেরই সমর্থন দরকার ছিল। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ চুক্তির ধরন কি হবে সে নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ প্রায় এক দশক ধরে আলাপ চালিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় সত্তর বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা চলে। প্রস্তাবিত চুক্তি অনুসারে, নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশে অস্ত্র বেচাকেনার বিষয়ে নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে। এতে স্বাক্ষরকারী দেশসমূহ আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা এবং ব্যবসায়ীদের বিষয়ে নীতিমালা তৈরি করতে বাধ্য। এতে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে এমন দেশগুলোতে অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ সম্ভব হবে এমন ধারা রাখা হয়েছে। ইরান এবং উত্তর কোরিয়ার ওপরে ইতোমধ্যেই অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।