গাইবান্ধায় বাঁধ ও সড়কে অবাধে ট্রাক্টর চলাচল

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২১:১০
গাইবান্ধা পৌর এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত মাটি-বালি বহনকারী ট্রাক্টরগুলো শহর এলাকায় ও শহররক্ষা বাঁধ দিয়ে চলাচলের কারণে বিভিন্ন সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে বন্যায় বাঁধটির বিভিন্ন পয়েন্টে ধসে গিয়ে জেলা শহর বন্যাকবলিত হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। জানা গেছে, জেলা শহররক্ষা ঘাঘট বাঁধ সংলগ্ন এলাকা থেকে বালি ও মাটি উত্তোলন করা হয়। পরে বাঁধ দিয়ে ট্রাক্টরগুলো ওই বালু-মাটি পরিবহন করে বিভিন্ন এলাকায় নিয়ে যায়। একারণে জেলা শহররক্ষা বাঁধ এবং গাইবান্ধা রেল স্টেশন থেকে ভেড়ামারা পর্যন্ত রেল লাইনের পার্শ্ববর্তী সড়ক, গোরস্থান থেকে আদর্শ কলেজ হয়ে বাংলা বাজার সড়ক, ডেভিড কোম্পানিপাড়া, সরকারপাড়া, ব্রিজ রোড, কুটিপাড়া সড়কগুলো এখন হুমকির মুখে। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে বন্যায় বাঁধটির বিভিন্ন পয়েন্টে ধসে গিয়ে গাইবান্ধা জেলা শহর বন্যাকবলিত হয়ে যেতে পারে বলেও আশংকা করা হচ্ছে। বিষয়টি নিয়ে মার্চ মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়। তারপরও এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ এবং পৌরসভা কর্তৃপক্ষের কোন নজর নেই। অন্যদিকে ট্রাক্টরগুলো দিনে ও রাতে শহরের ব্যস্ততম সড়কগুলো দিয়ে অবাধে চলাচলের কারণে এ জেলায় সড়ক দুর্ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ট্রাক্টরগুলোর চলাচলের সুবিধার ও উঠানামা করার জন্য জন্য চালক ও লেবাররা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, মূল সড়ক ও রেলপথ সংলগ্ন সড়ক যখন-তখন কেটে ফেলে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে ম্যানেজ করে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করে তা ট্রাক্টর দিয়ে পরিবহনের এই অবৈধ কারবার চলছে।