গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রশিকনগর বাবুপুর গ্রামে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ঐ গ্রামের নোমানের ছেলে নির্মাণ শ্রমিক আব্দুস সালাম (৪০) ও শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার এজাবুল হকের ছেলে কাঠ মিস্ত্রি আরিফ (২৮)। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে রশিকনগর গ্রামে জহুলের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করার জন্য ঢাকনা খোলার সময় বিষক্ত গ্যাসে আক্রান্ত হয়ে হতাহতরা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পথে সালাম মারা যান এবং শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে আরিফ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রশিকনগর গ্রামের তাসিককে (২৩) চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া রশিকনগর বাবুপুর গ্রামের বাবু, খালেক ও আব্দুর রশিদকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
