পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের প্রায় আড়াইশ’ বছরের প্রাচীন দয়াময়ী মন্দিরের কালি প্রতিমা সোমবার দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে কে বা কারা এ ভাঙচুর করেছে তা স্থানীয়রা বলতে পারছেন না। এ ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মন্দিরের পুরোহিত নিখিল চন্দ্র গাঙ্গুলী জানান, অন্যান্য দিনের মতো তিনি সকাল সাড়ে ১০টার দিকে মন্দিরের লোহার গ্রিলে তালা লাগিয়ে যান। বেলা সাড়ে ৪টার দিকে পাশের বাড়ির শিবু দত্তের স্ত্রী মলিনা রাণী দত্ত মন্দিরের পুকুর ঘাটে গেলে দূর থেকে গ্রিলের তালা ভাঙ্গা এবং কাছে গিয়ে কালি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখেন। তার চিত্কারে আশেপাশের লোকজন আসলে প্রতিমা ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
