কাজীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজছাত্র খুন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২১:৩২
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা গতকাল সকালে কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও কাজীপুর থানা সূত্রে জানা গেছে , হরিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র নুরুল ইসলামের জমি দীর্ঘদিন যাবত্ বেদখল ধরে চাষাবাদ করে আসছিল তার চাচা মোস্তাফিজুর রহমান। গতকাল সকাল নুরুল ইসলাম বেদখল জমিতে হাল চাষ করতে গেলে তার চাচা মোস্তাফিজুর রহমান এবং দুই ছেলে সবুজ ও নুরুন্নবী দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় জমিতে ফেলে রেখে চলে গেলে নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে সবুজ ও নুরুন্নবী কাজীপুর থানায় মিথ্যা মামলা করতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত নুরুল ইসলামের মামা আব্দুল মান্নান ৪ জনকে আসামি করে কাজীপুর থানায় হত্যা মামলা করেছেন।