মৌসুমে তৃতীয় শিরোপার হাতছানি সেরেনার

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:০৬
রেকর্ড ষষ্ঠবারের মত মিয়ামি মাস্টার্সের শিরোপা জেতা বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসের সামনে এখন বছরের তৃতীয় শিরোপা জেতার হাতছানি। ডব্লি¬উটিএ ফ্যামিলি সার্কেল কাপের এই ক্লে কোর্ট ইভেন্টে সেরেনা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই কোর্টে নামবেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ডে বাই পাওয়া সেরেনা দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার ইটালির ক্যামিলা গিওর্গির মুখোমুখি হবেন। গিওর্গি সোমবার প্রথম রাউন্ডে ম্যান্ডি মিনেলাকে ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ১৫ বারের গ্র্যান্ডস্ল¬্যাম জয়ী সেরেনা ২০০৮ সালে প্রথমবারের মত চার্লসটনের শিরোপা জিতেছিলেন। এই বছর ৩১ বছর বয়সী এই মার্কিনী ব্রিসবেন এবং মিয়ামিতে শিরোপা জিতে দারুণ ফর্মে আছেন। দুটো ফাইনালেই তিনি রাশিয়ান তারকা বিশ্বের ২ নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভাকে পরাজিত করে শিরোপা জিতেছেন। এদিকে টুর্নামেন্টের অপর ফেবারিট ড্যানিশ দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি ২০১১ সালের চার্লসটনের শিরোপা জিতেছিলেন। ক্যারিয়ারে চারটি ক্লে কোর্টের মালিক ওজনিয়াকি প্রথম ম্যাচে স্পেনের সিলভিয়া সোলার-এস্পিনোসার মুখোমুখি হবেন। সিলভিয়া প্রথম রাউন্ডে ইটালির ফ্রান্সেসকা শিয়াভোনকে ৩-৬, ৬-৪, ৭-৬ (৮/৬) গেমে পরাজিত করেছেন। এবারের টুর্নামেন্টে আরো অংশ নিচ্ছেন ২০১০ সালের শিরোপাধারী অস্ট্রেলিয়ান তৃতীয় বাছাই সামন্থা স্টোসার। কাফ ইনজুরির কারণে ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম প্রত্যাহার করে নেবার পর এই প্রথম কোর্টে নামছেন স্টোসার। প্রথম ম্যাচে স্টোসার নিউজিল্যান্ডের মারিনা ইরাকোভিচ এবং স্লে¬াভাকিয়ান ড্যানিয়েলা হাঞ্চুভোর মধ্যে বিজয়ী খেলোয়াড়ের মোকাবেলা করবেন। এবারের আয়োজনে অংশগ্রহণকারী অন্যান্য বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স এবং ভেনাস উইলিয়ামস, চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো এবং জার্মানির মোনা বার্থেল উল্লে¬খযোগ্য।