নানা আয়োজনে জাতীয় যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:২৯
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব সংহতির ৩০তম প্রতিষ্ঠা বাষির্কী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় নেতারা গতকাল সকালে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে তার ধানমণ্ডির বাড়িতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। যুব সংহতির নেতৃবৃন্দ এসময় জেপি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আনোয়ার হোসেন মঞ্জু। সংক্ষিপ্ত বক্তব্যে জেপি চেয়ারম্যান বলেন, যুব সংহতি এদেশের রাজনীতিতে অনিন্দ্য অবদান রেখে চলেছে। দেশ বিনির্মাণে যুব সমাজকে আরো সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, আজম খান ও এজাজ আহমেদ মুক্তা, জাতীয় যুব সংহতির সভাপতি এম. এ কাইয়ুম, সহ-সভাপতি আলী আব্দুল্লাহ টিংকু, এ জেড সেলিম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুব সংহতির নেতা এমএইচ আরমান চৌধুরী ও গাজী নজরুল ইসলামসহ দলের শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। বিকালে জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম. এ কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব সংহতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর হাবিব, এ জেড সেলিম, দ্বিন ইসলাম দিলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, দপ্তর সম্পাদক এস. এম বিপ্লব, যুগ্ম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন ও কেন্দ্রীয় সদস্য মামুন হাওলাদার প্রমুখ। কাউখালীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, জাতীয় যুব সংহতি (জেপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার পিরোজপুরের কাউখালী উপজেলা যুব সংহতির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা, কেক কাটা, মিলাদ মাহফিল প্রভৃতি। উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির শিল্প ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মতিউর রহমান তালুকদার, পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু। বক্তব্য রাখেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মিলটন, জেপি নেতা মাওদুদ খান, শংকর বসু, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, শেখ লিটন, আলহাজ্ব দুলু খান, তানভীর হোসেন সোহাগ প্রমুখ।