মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩২
গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী বরুণাতৈল গ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রলীগ কর্মী নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী আজাদ (২০), পিতার নাম আকবর আলী, বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে। সে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র। আহতদের দু’জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মুস্তাকের (৪০) আঘাত গুরুতর। অন্যরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছে। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে বিরোধের সৃষ্টি হয়। এর মধ্যে মাগুরা সাব-রেজিস্ট্রি অফিসের চাঁদা আদায়ের ঘটনা রয়েছে। মঙ্গলবার দুপুরে বিরোধ মীমাংসার জন্য পারনান্দুয়ালী গ্রামে বৈঠক বসে। উভয়পক্ষে বচসা এবং সংঘর্ষ বেঁধে যায় এবং ছাত্রলীগ কর্মী আজাদ গুলিবিদ্ধ হয়। আজাদকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর প্রতিপক্ষ গ্রুপ শহরের কেশব মোড় এলাকায় মোস্তাক (৪০) নামে একজনকে কুপিয়ে জখম করে এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মাগুরা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ টহল চলছে। কেউ গ্রেফতার হয়নি।