শনিবারও অফিস খোলা থাকবে

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩২
সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্ত-শাসিত অফিস সপ্তাহে ছয়দিন খোলা থাকবে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে হরতালে কর্মদিবস নষ্ট হওয়ার প্রেক্ষাপটে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে সরকারি আদেশ জারি হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত্ থাকবে বলেও তিনি জানান। একটি সূত্র জানায়, যে সপ্তাহে হরতাল থাকবে শুধু সে সপ্তাহের শনিবার অফিস খোলা থাকবে, না-কি সপ্তাহে ছয়দিন অফিস খোলা রাখা অব্যাহত থাকবে সেটি প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদনকালে ঠিক করে দেবেন। প্রসঙ্গত, গতকালসহ মার্চ ও এপ্রিল মাসে ১৯ দিন কর্মদিবস হরতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার অফিস বন্ধ ছিল।