সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

আপডেট : ০২ এপ্রিল ২০১৩, ২২:৩৩
হরতালে জনসাধারণের মাঝে আতংক ও ভয়ভীতি সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে যারা সহিংসতা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক প্রেস রিলিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও ছাত্র শিবির নিজেদের সৃষ্ট বিভিন্ন অজুহাতে গতকাল সারাদেশে হরতাল ডেকে জনজীবনে দুর্ভোগ সৃষ্টির চেষ্টা করে। বিএনপি হরতালের নামে অগ্নিসংযোগ, ভাংচুর, বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস ও আতঙ্কের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, দেশের অর্থনীতি ধ্বংস করার অপচেষ্টা এবং আপামর জনসাধারণের কোন স্বার্থ প্রতিফলিত না হওয়ায় জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে। হরতালের প্রাক্কালে জনসাধারণের মাঝে ভীতি, আতংক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে গত সোমবার দুপুর ও সন্ধ্যায় হরতাল সমর্থনকারীদের বিভিন্ন দল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। জামায়াত-শিবিরের এই জঘন্য নৃশংসতা ও বর্বরতা সাম্প্রতিককালের সব পৈশাচিকতাকেও হার মানিয়েছে। এই জঘন্য নৃশংসতা ও বর্বরতা দেখে দেশের জনসাধারণ তথা সকল শ্রেণি-পেশার মানুষ স্তম্ভিত ও হতবাক হয়েছেন। জনসাধারণের মাঝে আতংক ও ভয়ভীতি সৃষ্টির লক্ষ্যে নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, অর্থনীতি ধ্বংস ও দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে যারা বিক্ষিপ্তভাবে সহিংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে তদন্তপূর্বক দ্রুত সেই দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।