বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৬ এপ্রিল লংমার্চের আয়োজক হেফাজতে ইসলামের নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আপনাদের মধ্যে জামায়াত-শিবিরের জঙ্গি ক্যাডাররা ছদ্মবেশে অনুপ্রবেশ করে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তারা লংমার্চকে কেন্দ করে আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করেছে। তাই কেউ যাতে ঘোলাপানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সেজন্য সজাগ থাকুন।
গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ ীয় কার্যালয়ের সামনে ২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত আওয়ামী সমর্থক জোটের এক হরতাল বিরোধী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ হেফাজতে ইসলামের নেতাদের উদ্দেশে আরো বলেন, আপনাদের দাবির ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক এবং একমত। যারা ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করে, সরকারও তাদের খুঁজছে। এ কাজ সরকারের একার পক্ষে সম্পন্ন করা অনেক কষ্টসাধ্য। তাই এ কাজে আপনারা সরকারকে সহযোগিতা করুন। ড. হাছান মাহমুদ বলেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার আশপাশেও অনেক নাস্তিক আছে। সময় হলে এদের নাম প্রকাশ করা হবে।
দেশ ও জাতির স্বার্থে হরতালের নামে নৈরাজ্য কর্মকাণ্ড পরিহার করে খালেদা জিয়াকে আবারো আলোচনায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতেও আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে। বর্তমান পরিস্থিতিও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই আর নৈরাজ্য নয়, এখনই আলোচনায় আসুন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক শামীম, শহীদুল ইসলাম মিলন।
