স্যাটেলাইট

ছন্ছন্ স্পষ্টবাদী তরুণীর গল্প

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৪৯
হালে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘ছন্ছন্’ ফ্যামিলি ড্রামা ধাঁচের এই সিরিয়ালটি মূলত ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত রেখা অভিনীত বহুল আলোচিত ছবি ‘খুবসুরত’-এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে। ছোটপর্দার জনপ্রিয় মুখ সানায়া ইরানি আবার দর্শকদের সামনে ফিরে এসেছেন ‘ছন্ছন্’ সিরিয়ালের মাধ্যমে। ছোটপর্দার নতুন এই সিরিয়ালটি নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন আশির দশকে হিন্দি সিনেমার অঙ্গনে দারুণ সাড়া জাগিয়েছিল প্রখ্যাত চিত্রনির্মাতা হূষিকেশ মুখার্জ্জির ‘খুবসুরত’ ছবিটি। অনন্য অপরূপা অভিনেত্রী রেখা ওই ছবির কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। দর্শক ৩২-৩৩ বছর আগের ‘খুবসুরত’ ছবির রেখাকে এখনও ভুলতে পারেনি। একই ধরনের গল্প নিয়ে বলিউডে এরপরে আরও বেশিকিছু সিনেমা হয়েছে। ছোটপর্দায় সেই ‘খুবসুরত’-এর গল্পের অনুপ্রেরণায় নির্মিত নতুন ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘ছন্ছন্’ এই সময়ে দর্শকদের জন্য চমত্কার বিনোদন উপকরণ হয়ে এসেছে। প্রচুর দর্শক এরমধ্যেই ‘ছন্ছন্’-এর প্রতি আকৃষ্ট হয়েছেন। শুরুতে এই সিরিয়ালের নামকরণ করা হয়েছিল ‘মডেল বহু’। পরে তা বদলে ‘ছন্ছন্’ রাখা হয়েছে। যার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুন্দরী ঠোঁট কাটা স্বভাবের এক তরুণী ছন্ছন্। আধুনিক শিক্ষিত পরিবারের মেয়ে সে। তার মধ্যে কোনো গোঁড়ামি নেই। স্বাধীনচেতা মনোভাবের ছন্ছন্ তার চোখের সামনে যেকোনো রকমের অন্যায় হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়। অন্যায়ের প্রতিকারে নিজেই মাঠে নামে। ছন্ছন্ স্বাধীনচেতা টাইপের মেয়ে হলেও সে কোনোভাবেই উচ্ছৃঙ্খল নয়। আধুনিক মনোভাবাপন্ন হলেও উগ্রতাকে প্রশয় দেয় না সে। প্রচলিত মূল্যবোধের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। ধর্মের কিংবা অন্যায়মূলক সামাজিক প্রথার দোহাই দিয়ে কেউ কোনো অনিয়ম, অনাচার করলে ছন্ছন্ প্রতিবাদে ফুঁসে ওঠে। এ রকম এক ঘটনায় একদিন ছন্ছন্ মুখোমুখি হয় প্রভাবশালী এক রমণী উমা বেনের। উমা বেন তার নিজের পরিবারে সর্বময় কর্তৃত্বের অধিকারী। তার কথায় সবাই ওঠাবসা করে। পরিবারের বাইরেও উমা বেনের যথেষ্ট প্রভাব। ছন্ছন্ উমা বেনের কিছু কর্মকাণ্ডের অনিয়মের বিরুদ্ধে সরাসরি কথা বললে তিনি অবাক হয়ে যান। যেখানে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস দেখায় না কেউ, সাধারণ অল্পবয়সী তরুণীটি মুখের ওপর এত বড় কথা বলার সাহস পায় কীভাবে। উমা বেন ছন্ছনের ঠোঁট কাটা অভ্যাসে চমকে উঠে। একসময় উমা বেনের সুদর্শন স্মার্ট ছেলে মানবের সঙ্গে ছন্ছনের দেখা হয়। তাদের প্রথম সাক্ষাতটা প্রীতিকর না হলেও একসময় তারা পরস্পরের প্রেমে পড়ে যায়, যে উমা বেনের মনে জ্বালা ধরিয়ে দিয়েছে তার কর্মকাণ্ডের জোরালো প্রতিবাদ করে সেই স্পষ্টবাদী সাহসী মেয়ে ছন্ছন্ একসময় উমা বেনের ছেলে মানবের বউ হয়ে সেই বাড়িতে প্রবেশ করে। যার কথায় গোটা পরিবার চলে, যার নির্দেশনার বাইরে কেউ একচুলও যেতে সাহস পায় না। সেই দাপুটে জাঁদরেলের নারী উমা বেনের পুত্রবধূ হিসেবে বাড়িতে পা রাখার পর একে একে নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে। পুত্রবধূ ছন্ছন্ শাশুড়ি উমা বেনের শক্ত ভিত কাঁপিয়ে নড়বড়ে করে তোলে। নতুন শুরু হওয়া হিন্দি সিরিয়াল ‘ছন্ছন্’-এর গল্প আগামীতে এভাবে এগিয়ে যাবে। বউ-শাশুড়ির গল্প হিন্দি টিভি সিরিয়ালে নতুন কোনো বিষয় না হলেও ‘ছন্ছন্’ সিরিয়ালে প্রচণ্ড ক্ষমতার, দাপুটে শাশুড়ি উমা বেনের সঙ্গে স্পষ্টবাদী, সাহসী ছন্ছন্-এর লড়াই দর্শক বেশ উপভোগ করবেন। পরিবারের সবাই যারা দীর্ঘদিন উমা বেনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, অন্যায়মূলক কাজ মুখ বুজে সহ্য করেছে তারা ধীরে ধীরে নতুন বউ ছন্ছনের প্রতিবাদী আচরণে উদ্বুদ্ধ হয়ে নিজেরাই সাহসী হয়ে ওঠে উমা বেনের ভুলত্রুটি ধরিয়ে তাকে সংশোধন করতে। এভাবেই পরিবারের দৃশ্যপট ক্রমেই পাল্টে যেতে থাকে। ছোটপর্দায় অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী সানায়া ইরানি এবার ‘ছন্ছন্’ সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে ফিরে এসেছেন। স্টার প্লাস চ্যানেলে গত নভেম্বরে শেষ হওয়া দর্শকনন্দিত সিরিয়াল ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দো’র নায়িকা খুশি চরিত্রে রূপদানের মাধ্যমে বিপুল সংখ্যক দর্শকের হূদয়ে ঠাঁই করে নিয়েছেন সানায়া। তারও আগে দর্শক তাকে ‘দিল মিল গ্যায়া’ সিরিয়ালে দেখেছেন। ‘ছন্ছন্’ সিরিয়ালে নিজের অভিনীত চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে সানায়াকে যথেষ্ট আন্তরিক মনে হচ্ছে। এখানে তার বিপরীতে মানব চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ ফারহান খান। জাঁদরেল শাশুড়ি উমা বেন চরিত্রে সুপ্রিয়া পাঠকের দুর্দান্ত অভিনয় দর্শকদের চমকিত করছে। সনি টিভি চ্যানেলে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ‘ছন্ছন্’ সিরিয়ালটি দেখানো হচ্ছে।