বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল বন জোভি। এখন তাদের সব ব্যস্ততা যেন নতুন অ্যালবামকে ঘিরেই। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের অ্যালবাম ‘হোয়াট অ্যাবাউট নাউ!’। মুক্তির সাথে সাথেই উঠে এসেছে টপ চার্টে। লিখেছেন প্রাঞ্জল সেলিম
বন জোভির সদস্যরা
জন বন জোভি (লিড ভোকাল, রিদম গিটার)
ডেভিড ব্রায়ান (কিবোর্ড)
টিকো টরেস (ড্রামস)
রিচি সামবোরা (গিটার)
২০ বছর আগে ১৯৮৩ সালে আমেরিকার নিউ জার্সির সায়েরেভিলেতে পথচলা শুরু হয় দলটির। দলটির নামকরণ হয় এর মূল গায়ক জন বন জোভির নামে। ১৯৮০ সালে ডেভিড ব্রায়ানের সঙ্গে তার প্রথম গানের দল ‘রেজ’ নিয়ে দেখা করেন। তারপর তারা সবাই মিলে আটলান্টিক সিটি এক্সপ্রেস ওয়ে নামে আরেকটি দল গঠন করেন তিনি। পরবর্তী সময় কৈশোর না পেরোতেই জন বন জোভি আরেকটি দল ‘জন বন জোভি অ্যান্ড দ্য ওয়াইল্ড ওয়ান্স’ গঠন করেন। এই দল নিয়ে তিনি বেশ কিছু কনসার্টে অংশ নেন। তবে কোনো গানের দল নিয়েই তিনি খুব একটা আশাব্যঞ্জক কিছু করতে পারছিলেন না। এভাবে বছর খানেক পার করে তিনি এককভাবেই প্রথমে কিছু গান রেকর্ড করেন। ১৯৮২ সালের পর তার ‘রানওয়ে’ গানটি একটি রেডিওতে বাজানোর জন্য পছন্দ করা হয়। এর পরই ১৯৮৩ সালে জন বন জোভি তার সঙ্গে ডেভিট ব্রায়ান, অ্যালেক জন সাচ, টিকো টরেস, ওডেভ স্যাবোকে নিয়ে ‘বন জোভি’ নামের কালজয়ী রক গানের এ দলের সূচনা করেন।
সময়টা ১৯৮৪, সংগীতজগতে শক্ত মাটি পেতে রীতিমতো লড়ছেন জোভি আর তার বন্ধুরা। কী ভেবে এক বন্ধুর পরামর্শে দলের নাম পাল্টে রাখা হলো শুধু দুটি শব্দ বন জোভি। তাদের ড্যেবু অ্যালবামও মুক্তি পেল এই নামেই। দ্বিতীয় অ্যালবাম ‘সেভেন্টি এইট হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট’-এর পর ১৯৮৬ সালে মুক্তি পায় তাদের ৩য় অ্যালবাম ‘সিপারি হোয়েন ওয়েট’। এই অ্যালবামের ‘লিভিন অন অ্যা প্রেয়ার’ ও ‘ইউ গিভ লাভ এ ব্যাড নেম’ তুমুল হিট হয়। চতুর্থ অ্যালবাম ‘নিউ জার্সি’র কয়েকটি গান উঠে যায় বিলবোর্ড টপচার্টে। হাওয়ায় উড়তে থাকেন ব্যান্ডের সদস্যরা। একসময় দল ছেড়ে সোলো গাইতে শুরু করেন জোভি। ব্রায়ান, টোরেস আর স্যামবোরা তিনজন একসঙ্গে সুর আয়োজনের কাজ করতে থাকেন বিভিন্ন মুভিতে। কিন্তু পরবর্তীতে সবাই অনুভব করেন, ‘বন জোভি’ ব্যান্ডই তাদের হূদয়ের খোরাক জোগাতে পারে। একে একে মুক্তি পায় ‘কিপ দ্য ফেইথ’, ‘ক্রস রোডস’ ও ‘দিজ ডেজ’। এরপর আবারও ভাঙনের মুখ দেখেন বন জোভি। তবে এরপরও একসঙ্গে অ্যালবাম করেন তারা। তারই ফসল ‘ক্রাশ’, ‘বাউন্স’, ‘হ্যাভ এ নাইস ডে’ ও ‘লস্ট হাইওয়েজ’।
২০১০ সালে পৃথিবীজুড়ে যতগুলো বড় মিউজিক ট্যুর হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে রক ব্যান্ড বন জোভির ‘দ্য সার্কেল শো’ ট্যুরটি। জানা গেছে, এই ট্যুর থেকে ব্যান্ডটি আয় করেছে ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই তালিকায় বন জোভির পরই ছিল অস্ট্রেলিয়ান ব্যান্ড এসি-ডিসি। সাম্প্রতিক ট্যুর থেকে তাদের আয়ের পরিমাণ ১৭৭ মিলিয়ন ডলার। ২০০৯ সালে এই তালিকার শীর্ষে থাকা রক ব্যান্ড ইউটু এ বছর চলে এসেছে তৃতীয় স্থানে। ২০১০ সালে তাদের আয়ের পরিমাণ ১৭০ মিলিয়ন ডলার।
