ছোটপর্দায় বহু সফল গল্পের রূপকার হিসেবে দর্শকদের পছন্দের এক তারকার নাম মোশাররফ করিম। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় করছেন নানা বৈচিত্র্যময় চরিত্রে। তার নামের সাথে আরেকটি তকমা জড়িত আছে, তা হলো নাট্যকার। এবার এই নাট্যকার মোশাররফ করিমের গল্প নিয়ে
লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে ছোটপর্দায় নিজের স্বকীয় অবস্থান করেছেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ‘অতিথি’। যা ১৯৯৯ সালে চ্যানেল আইয়ে প্রচার হয়। যদিও অভিনয়ের প্রথম জীবন তার জন্য কষ্টের ছিল। তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল হতে। ওই সময় তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি জনপ্রিয় টেলিফিল্ম ‘ক্যারাম’-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শুরু করেন। ২০০৯ সালে তিনি বিখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতেও তিশার বিপরীতে অভিনয় করেছেন। প্রথম মেগা-ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘ভবের হাট’, ‘ঘরকুটুম’-এ অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের কাহিনী ও তৌকীর আহমেদ পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেছেন। তার অনবদ্য অভিনয়ের আরও একটি প্রমাণ মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ চলচ্চিত্রটি। আর সম্প্রতি মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘টেলিভিশন’। এখানেও তার অভিনয় দর্শক নন্দিত হয়েছে। মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘লং মার্চ’, ‘রেড সিগনাল’, ‘জিম্মি’, ‘দুই রুস্তম’, ‘আন্তঃনগর’, ‘ফ্লেক্সিলোড’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘আউট অব নেটওয়ার্ক’, ‘সাদা গোলাপ’, ‘৪২০’, ‘জুয়া’, ‘সুখের অসুখ’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘সন্ধান চাই’, ‘সিটি লাইফ’, ‘বিহাইন্ড দ্য সিন’ ইত্যাদি। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করেছেন মোশাররফ করিম। পানীয় পণ্য ‘ফাইটার এনার্জি ড্রিংকস’-এর বিজ্ঞাপনটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘নিয়মিতই তো নাটক করছি। এর ফাঁকে ভালো গল্পের চলচ্চিত্র পেলে সেগুলোও করি। ঠিক এ রকমই ভালো স্ক্রিপ্ট পেলে বিজ্ঞাপনেও কাজ করি। আর বিজ্ঞাপন তো হচ্ছে আমাদের দেশের এই সময়ের মিডিয়ার সবচেয়ে বড় একটি বিষয়। দেশ-বিদেশ সব জায়গাতেই দর্শকরা এটি বারবার দেখতে পারে। সে ক্ষেত্রে ক্যারিয়ারের জন্যও বলা যায় মাঝে মাঝে বিজ্ঞাপন করাটা প্রয়োজন। অন্যদিকে ড্রিংকসের বিজ্ঞাপন সব সময়ই মানসম্মত হয়, সেই হিসেব কষেই ফাইটার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করি বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শক-ভক্ত মহলের ভালো রেসপন্স পাবো। খুব শিগগিরই এটি চ্যানেলে প্রচার শুরু হবে।’ বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। এরমধ্যে মাছরাঙা টিভিতে ‘ইউনিভার্সিটি’, এটিএন বাংলায় ‘ঝুলন্ত বাবুরা’ ও ‘কবুলিয়তনামা’, দেশ টিভিতে ‘রেডিও চকোলেট রিলোডেড’। এতকিছুর পরও মোশাররফ করিমের নামের সাথে আরেকটি তক্মা জড়িত হয়েছে তা হলো নাট্যকার। এখন তিনি নিয়মিত নাটক লিখছেন। বর্তমানে তার নিজের লেখা একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এসএ টিভিতে। নাটকটির নাম ‘বিশেষ দ্রষ্টব্য’। এই নাটকটি লেখার পাশাপাশি তিনি এতে অভিনয়ও করেছেন। একই সঙ্গে তার স্ত্রী জুঁই করিমও অভিনয় করছেন নাটকটিতে। এক প্রশ্নের জবাবে মোশাররফ করিম জানালেন, আজ থেকে দশ বছর আগে তিনি নাট্যকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। ওই নাটকটির নাম ছিল ‘পূর্ব রাগ’। এরপর লেখেন ‘টেস্ট’ নামে একটি নাটক। অনেক পরে এসে লিখলেন একটি ধারাবাহিক। ‘বিশেষ দ্রষ্টব্য’ নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘একটি দম্পতির সাংসারিক জীবনের নানা সমস্যার কথা নিয়েই এ নাটকের গল্প।’ বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, ‘আরও কিছু নতুন ধারাবাহিক নাটকে কাজ করছি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটক লেখার প্লট মাথায় নিয়ে ঘুরছি। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই আছি।’
