‘সাম্পানওয়ালা কর্ণফুলি আমায় পাগল কইরাছে’ কিংবা ‘জল পড়ে পাতা নড়ে’ অথবা ‘রসিয়া বন্ধুরে’, ‘তুই আমার কোমরের বিছা হইলি না’ এমন প্রায় ডজন খানেক জনপ্রিয় গান পরিবেশন করে জনপ্রিয় কণ্ঠ শিল্পী আঁখি আলমগীর মুগ্ধ করলেন শ্রীপুরের অসংখ্য দর্শককে। গত শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌর সভার প্রাণকেন্দ্র ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশে মাওনা চৌরাস্তায় মেগাশপ ডেইলি নিড্স নামে একটি বিপণী কেন্দ্রের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাত ও কবি ইজাজ আহমেদ মিলনের সঞ্চালনায় আঁখি আলমগীরের একক সংগীতসন্ধ্যা শীর্ষক অনুষ্ঠানে শিল্পী তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এর আগে কিতাব আলী প্লাজার মালিক আতিকুর রহমান আবুসামা এবং ডেইলি নিডেসর স্বত্বাধিকারী আলহাজ্ব আশরাফুল ইসলাম রতন ও আগত অতিথিরা ফিতা কেটে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। শিশু-কিশোরদের পরিবেশনায় জাতীয় সংগীত ও স্বাধীনতার বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আবৃত্তিতে অংশ নেন ইকবাল আহমেদ নিশাত ও কবি ইজাজ আহমেদ মিলন।
