গল্প নয় সত্যি

খাওয়ার সময় টিভি নয়!

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:১৩
আধুনিক জীবনধারা আর নানা ব্যস্ততার ভিড়ে মানুষের কাছে খাওয়াও যেন এখন আর দশটা কাজের মতোই একটা কাজে পরিণত হয়েছে। তবে এই কাজটিও যে সবাই অখণ্ড মনোযোগ দিয়ে করছেন তা নয়। বরং আমাদের দেশসহ বিশ্বের অনেক দেশের মানুষই বাড়িতে খাবার সময় পে¬ট হাতে বসে যান টিভি সেটের সামনে। একই সাথে চলতে থাকে টিভি দেখা আর খাওয়া দুটো কাজই। আর এ কারণে খাওয়ার প্রতি মনোযোগটাও অনেকাংশেই কমে যায়। এ ছাড়া দুপুরের বা সকালের খাবারের সময়ও অধিকাংশ মানুষ এতটাই তাড়াহুড়ো করে খাবার গলাধঃকরণ করেন যে প্রতিদিন একই ধরনের খাবার না খেলে প্রায়শই আগের বেলায় কী খেয়েছেন তা মনে করাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আর মানুষের খাদ্যাভ্যাসের এই দিকগুলোকেই এবার গবেষণার আওতায় এনেছেন যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটির একদল গবেষক। তারা জানিয়েছেন, টেলিভিশন দেখতে দেখতে বা অন্য কোনো কাজের পাশাপাশি খাবার গ্রহণের কাজটি করলে খাওয়ার পরিমাণের দিকে মানুষের খেয়াল থাকে না যা পক্ষান্তরে বাড়িয়ে দেয় মানুষের ওজন। এ কারণে খাওয়ার সময় ঠিক কী খাচ্ছেন বা কত পরিমাণে খাচ্ছেন সেটির প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই গবেষকরা। কম খাওয়া মানেই যে শরীরে চর্বির সঞ্চয় কম হওয়া সেটি আরও একবার মনে করিয়ে দিয়ে খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রনের নতুন একটি পন্থাও বাতলে দিয়েছেন এই গবেষকরা। তাদের দাবি, আগের বেলায় আপনি কী খেয়েছেন, সেটির স্বাদ কেমন ছিল বা সেই খাবারটি খেয়ে কতটা পেট ভরেছিল সেটি মনে করে খেলে খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রন করাটা সহজসাধ্য হয়। এ প্রসঙ্গে গবেষক দলের প্রধান অধ্যাপক এরিক রবিনসন জানান, খাওয়ার সময় আগের বেলার খাবারের কথা মনে করলে খাওয়ার পরিমাণ যে কিছুটা হলেও কমে আসে সেটি প্রমাণিত একটি সত্য। আর তাই আগের বেলায় খাওয়ার কথা মনে রাখার জন্য খাবারের তালিকা রাখা বা ছবির মতো তা মনে করার চেষ্টার কথাও বলেছেন তিনি।