সফল উপস্থাপক শাফিন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৩
রেডিও ফুর্তিতে নিয়মিত শ্রোতাদের সাথে ওয়ার্ল্ড মিউজিক নিয়ে কথা আর গানের আড্ডায় বসছেন রক লিজেন্ড শাফিন আহমেদ। আসছে বৈশাখ উপলক্ষেও বেশ ক’টি বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। এর আগে বাংলাভিশনে নিয়মিত অনুষ্ঠানটিও জনপ্রিয়তা পেয়েছিল বেশ। তাই এ দেশের সেরা বেজ গিটারিস্ট ও রক আর্টিস্ট শাফিন আহমেদের এখন নতুন আরেকটি সফল পরিচিত ঘটছে তার ভক্তদের কাছে। শাফিন আহমেদ তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এফএম-এর শো’র মজাটাই আলাদা। একেবারে এসএমএসের মাধ্যমে শ্রোতারা যেভাবে তাত্ক্ষণিক মন্তব্য পাঠান, তা সত্যিই উপভোগ্য। আর তাদের প্রতিক্রিয়া বুঝেই শোটি চালাতে হয়। খুব অল্প সময়েই তাই ব্যাপক রেসপন্স পেয়েছি আমি।’ আসছে বৈশাখ উপলক্ষে নতুন কোনো গান প্রকাশ হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম যে একটি ডুয়েট গান খুব শিগগিরই রিলিজ দেব। কিন্তু এখনও মনের মতো কো-আর্টিস্ট খুঁজে পাইনি। ট্র্যাকটা রেডি হয়েছে। আশা করছি খুব শিগগিরই আমার ক্যারিয়ারের প্রথম ডুয়েট গান প্রকাশ হবে।