আফগানিস্তানে অ্যাঞ্জেলিনা জোলির স্কুল

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৩৪
হলিউডি তারকা অ্যাঞ্জেলিনা জোলি নিজেকে বরাবরই সমাজসেবার বিভিন্ন কাজে জড়িত রেখেছেন। সেই ধারাবাহিকতায় আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি স্কুল প্রতিষ্ঠা করলেন তিনি। বছরখানেক আগে দ্য এডুকেশন পার্টনারশিপ ফর চিলড্রেন অব কনফ্লিক্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন অ্যাঞ্জেলিনা জোলি। এই প্রতিষ্ঠানের অধীনেই বিভিন্ন দেশে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করছেন তিনি। এসব স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার সম্পূর্ণ খরচ বহন করবেন জোলি। সদ্য প্রতিষ্ঠিত আফগানিস্তানের এই স্কুলে প্রায় ৩০০ ছাত্রী পড়ালেখার সুযোগ পাবে। আর এই স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যেই মাস চারেক আগে জোলি আফগানিস্তান ভ্রমণে যান। শুধু আফগানিস্তানেই নয়, বিভিন্ন দেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করার ঘোষণাও দিয়েছেন হলিউডের এই হার্টথ্রব। উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি এখন ‘মেলফিসেন্ট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন এই ছবিটি আগামী বছরের জুলাইয়ে মুক্তি পাবে বলে জানা গেছে।