সংবাদ কণিকা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২০:৪৩
ডারউইনের চিঠি বিবর্তনবাদ তত্ত্বেরজনক চার্লস ডারউইনের দেড় হাজারের মতো চিঠি অনলাইনে আসছে। এসব চিঠিতে পাওয়া যাবে এই প্রকৃতি বিজ্ঞানীর ভিন্ন এক পরিচয়। যেমন তার ঘনিষ্ঠ বন্ধু উদ্ভিদ বিজ্ঞানী জোসেফ হুকার ও ডারউইনের মধ্যে যেসব চিঠি চালাচালি হয়েছিলো সেগুলোতে তখনকার আমলে তাদের বন্ধুত্বের উষ্ণতা সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। এছাড়া ডারউইন প্রাণী বিজ্ঞান বিষয়ক তার বিভিন্ন তত্ত্ব ও গবেষণা সম্পর্কে কিভাবে পরিণতির দিকে অগ্রসর হয়েছেন সেসব বিষয়েও জানা যেতে পারে এইসব চিঠিতে। —বিবিসি রোবট স্পাই গুপ্তচরবৃত্তির কাজে সমুদ্রের জলে নামছে রোবট জেলিফিস। সাড়ে পাঁচ ফিট দৈর্ঘ্যের রোবট জেলিফিসটি বানিয়েছেন ভার্জিনিয়া টেকনামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে এই খবর। সমুদ্রের জলে ডুব দিয়ে গুপ্তচরবৃত্তির জন্য সাইরোর রয়েছে শক্তিশালী ব্যাটারি। ব্যাটারি থেকে পাওয়া বিদ্যুত্ শক্তি ব্যবহার করে লম্বা সময় কাজ করতে পারবে সাইরো। সাইরো তৈরির জন্য প্রয়োজনীয় তহবিলের যোগান দিচ্ছে মার্কিন নৌবাহিনী। সাইরোকে দিয়ে গুপ্তচরবৃত্তির কাজ চালানো হবে।—বিডি নিউজ পঞ্চায়েত নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ আদালত পর্যন্ত গড়ালো। নির্বাচন কমিশনের মতামত অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ভোটের যে দিন ঘোষণা করেছে, তা বাতিল করার আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভারতীয় সংবিধান নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা দিয়ে রেখেছে, কোন রাজ্যের সরকার নিজের প্রয়োজন অনুযায়ী সেই ক্ষমতাকে অতিক্রম করে সিদ্ধান্ত নিতে পারে কিনা—এ প্রশ্নটির মীমাংসা হবে আদালতে।—ডয়েচে ভেলে সাইপ্রাসের সংকট সাইপ্রাসের সংকট সামলাতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এ সংকটের কারণে ইউরোর বিনিময় মূল্য কিছুটা পড়ে গেছে। আপাতত বাজারের নজর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির দিকে। আগামী সপ্তাহে সুদের হার অথবা নীতিগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক নেতারা চলতি সপ্তাহে সাইপ্রাসকে ঘিরে বর্তমান সংকটের সমাধান করতে ব্যর্থ হলে ইসিবি হস্তক্ষেপ করতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ, যেমনটা এর আগেও দেখা গেছে। অন্যদিকে সাইপ্রাসের সরকার জনগণের উপর বাড়তি কর চাপানোসহ সংস্কারের নানা পদক্ষেপ নিচ্ছে।—এএফপি