আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৪
আজ ৪ঠা এপ্রিল। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে বসেছিল মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক। এতে মাতৃভূমিকে স্বাধীন করতে জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও অবসরপ্রাপ্ত ২৭ জন সেনা কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন। এ বৈঠকেই সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং এস, কে ও জেড, ফোর্স গঠন করাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যুদ্ধকালীন সময়ে তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোটি ছিল ৩নং সেক্টর কার্যালয় । ৭১’এর ৩নং সেক্টর কার্যালয়টি বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির ম্যানেজার বাংলো। তার পূর্ব-দক্ষিণ কোণে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বুলেট আকৃতির স্মৃতিসৌধ যা ১৯৭৫ সালের জুন মাসে উদ্বোধন করেছিলেন কে এম সফিউল্লাহ বীর উত্তম পিএসসি। তেলিয়াপাড়ার অধিবাসী মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক দেওয়ান আশ্রাব আলীর এক লিখিত তথ্যে জানা যায়, খালেদ মোশারফের নির্দেশে দেওয়ান আশ্রাব আলী তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে জঙ্গল কেটে ভারতে জীপ যাওয়ার মত একটি রাস্তা নির্মাণ করেন। তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে এসে ঐতিহাসিক ৪ঠা এপ্রিলের বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রতি বছরের মত এবারও মুক্তিযোদ্বা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন তেলিয়াপাড়া দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ।