ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকায় বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ তত্পরতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার আশুগঞ্জের ডে-নাইট প্রাইভেট হাসপাতালের উদ্যোগে ২ শতাধিক পরিবারের থালা, বাটি, জগ বিতরণ করা হয়। এ সময় হাসপাতালের চেয়ারম্যান হাসান ইমরান, পরিচালক মো. জিয়াউল হক বাবু ও মো. আল-আমিন উপস্থিত ছিলেন। আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে নগদ টাকা, ৫০ বান্ডিল টিন বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. ফারুক কালাম, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীদাম কুমার রায়, হাজী মো. মিজানুর রহমান, আব্দুল গফুর, আবুল কাশেম, মো. মোজাহিদ ও মো. মানিক উপস্থিত ছিলেন। এদিকে আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আবু আসিফ আহম্মেদ নগদ এক লাখ টাকার চেক জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের হাতে তুলে দেন।
