গৌরীপুরে ১১৪ কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৭
ময়মনসিংহের গৌরীপুরে ঋণ খেলাপীর অভিযোগে ১১৪জন কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের নিকট কৃষি ব্যাংকের বকেয়া পাওনা ১৮ লাখ ২৪ হাজার টাকা। কৃষি ব্যাংক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত্ ঋণ খেলাপী, তাগিদাপত্র, লাল নোটিস, সাক্ষাত্কার গ্রহণ ও বাড়ি বাড়ি গিয়ে তাগিদের পরও ঋণ পরিশোধ না করায় তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে বোকাইনগর ইউনিয়নে ৪৩জনের নিকট ৬ লাখ ২০ হাজার টাকা, পৌরসভার ২৩জনের নিকট ৩ লাখ ৮০হাজার টাকা, রামগোপালপুরের ৪৮জনের নিকট ৮লাখ ২৬ হাজার টাকা বকেয়া রয়েছে। সোমবার কৃষি ব্যাংক গৌরীপুর শাখার ম্যানেজার আলহাজ্ব আব্দুল কাইয়ুম জানান, টাকা দিলে আবার তারা ঋণ গ্রহণের সুযোগ পাবে। তা না হলে গ্রেফতারি পরোয়ানা থাকবে। ঋণগ্রস্ত কৃষকরা জানান, বোরো ধানের ক্ষেতে সকল টাকা বিনিয়োগের কারণে এই মুহূর্তে ঋণ পরিশোধ সম্ভব নয়।