সৈয়দপুরে গণজাগরণ মঞ্চ গুটিয়ে নিলেন উদ্যোক্তারা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:১৭
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সৈয়দপুরের গণজাগরণ মঞ্চ গুটিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার অঙ্গিকারকৃত তরুণ প্রজন্ম মঙ্গলবার গভীররাতে ওই গণজাগরণ মঞ্চের অবকাঠামো সরিয়ে নেয়। সৈয়দপুরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্মৃতি অম্লান চত্বরে (জিআরপি মোড়) প্রায় ২ মাস আগে ওই মঞ্চ তৈরী করা হয়েছিল। এ মঞ্চ অপসারণের প্রায় সপ্তাহখানেক আগে গণজাগরণ মঞ্চের সান্ধ্য অনুষ্ঠান বন্ধ করা হয়। মঞ্চ অপসারণের কাজ শুরু হলে অনেকেই আতংকিত হয়ে ওঠেন। ওই মঞ্চের পাশে সাবক্ষণিক পাহারায় থাকা পুলিশ সদস্যরাও ঘাবড়ে যান। তারা খবর দেন সৈয়দপুর থানায়। এ ঘটনায় থানা পুলিশও নড়েচড়ে বসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা কুতুব উদ্দিন আলোর সাথে যোগাযোগ করা হয়। উদ্যোক্তা জানান, অন্য কেউ নয়, তিনি মঞ্চের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে স্মৃতি অম্লান চত্বর থেকে মঞ্চ গুটিয়ে নিয়েছেন। মঙ্গলবার রাতে কুতুব উদ্দিন আলো জানান, বিভিন্ন কারণে গণজাগরণ মঞ্চ সরিয়ে নেয়া হয়েছে। সমস্যাগুলো কি জানতে চাইলে তিনি বলেন, দয়া করে কোন প্রশ্ন করবেন না। তবে তিনি বলেন, মঞ্চ সরিয়ে নেয়া হলেও যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম রাজপথে থাকবে এবং প্রয়োজনে আবারও গণজাগরণ মঞ্চ তৈরী করা হবে। জানা গেছে, ঢাকার গণজাগরণ মঞ্চ তৈরী হওয়ার কয়েক দিন পর সৈয়দপুরেও অনুরূপ মঞ্চ তৈরী করা হয়। বিভিন্ন কর্মসূচিও পালন হচ্ছিল সৈয়দপুরে। এসব কর্মসূচি পালন করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়।